বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
ক্যাম্পাস

জিপিএ-৫ সাফল্যের শেষ নয়, সামনে অপেক্ষা করছে কঠিন পথ: ডাকসু জিএস ফরহাদ

আনোয়ারা প্রতিনিধি >>

চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

---------

তিনি বলেছেন, “জিপিএ-৫ পাওয়াকে জীবনের আলটিমেট অর্জন মনে করবেন না। সামনে আরও কঠিন যাত্রা অপেক্ষা করছে। এখন বিনয়ী হয়ে এক পয়েন্টে চেষ্টা করতে হবে।”

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় আনোয়ারা উপজেলার মমতাজ কনভেনশন হলে উপজেলা ছাত্রশিবির আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি রিয়াদুল এরশাদ।

শিক্ষার্থীদের উদ্দেশে এস এম ফরহাদ বলেন, এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল জীবনের সফলতার শেষ ধাপ নয়; এটি বরং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার যাত্রার শুরু। জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত সুযোগ নাও পেতে পারে। আবার জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীদের অনেকেই পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে ভালো অবস্থান তৈরি করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয়ে আসন সীমিত। তাই বর্তমান অর্জনে আত্মতুষ্ট না হয়ে পরবর্তী ধাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।এসএসসির পরের দুই বছর শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কে কাজে লাগিয়ে ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে হবে।

পড়াশোনার পাশাপাশি মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করার পরামর্শ দেন ডাকসু জিএস। তিনি বলেন, বড় কোনো লক্ষ্য অর্জন করতে হলে অনেক সময় নিজের পছন্দের কিছু বিষয় থেকেও দূরে থাকতে হয়।

এ সময় জীবনে একজন আদর্শ ব্যক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, জীবনের সংকট ও কঠিন সময়ই মানুষকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ফরমানুর রহমান জাহিন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান এবং ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম।

এ ছাড়া অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের তত্ত্বাবধায়ক শোয়াইবুল ইসলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।