শৈল-সৈকত ও দেশগ্রাম

ফটিকছড়িতে হালদায় অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি >>

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদীসংলগ্ন বিভিন্ন এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

---------

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানা-পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু এবং উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু নদীতে ফ্ল্যাশিং করে পুনরায় প্রবাহে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের কার্যকর পদক্ষেপ হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, “হালদা নদী আমাদের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হালদা নদী রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”