বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
মহানগর

নকশার ব্যত্যয়ে উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক >>

চট্টগ্রাম নগরীর হালিশহর এক্সেস রোডে অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার দায়ে উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

---------

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উৎসব সুপারমার্কেটের আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।

সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, উৎসব সুপারমার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরিদর্শনে দেখা যায়, এটি বাণিজ্যিক ভবন হলেও নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিংয়ের ব্যবস্থা নেই। তারা রাস্তার জায়গায় পার্কিং করছে বলে জানিয়েছে। এসব অনিয়মের কারণে ম্যাজিস্ট্রেট ৮ লাখ টাকা জরিমানা করেছেন।

তিনি বলেন, ভবন কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তারা অনুমোদিত নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করবে বলে জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা না নিলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জরিমানার পাশাপাশি আগামী ২৭ নভেম্বরের মধ্যে অনুমোদিত নকশার বাইরে নির্মিত বা পরিবর্তিত অংশ সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।