বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: এমপি এরশাদ উল্লাহ

বোয়ালখালী প্রতিনিধি >>

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

---------

তিনি বলেছেন, আগামীর বিশ্ব হবে জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতার বিশ্ব। নতুন প্রজন্মের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর পরিশ্রম, আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাবীদের নেতৃত্বে দেশ গঠন করতে চান। একদিন তোমরাই দেশের নেতৃত্ব দেবে। পুরো জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এমপি এরশাদ উল্লাহ বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের একমাত্র সাফল্য নয়, এটি ভবিষ্যতের বড় সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সামনে আরও দীর্ঘ পথ রয়েছে। বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ ও দেশের প্রতি শিক্ষার্থীদের দায়িত্ব রয়েছে। তাই নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে প্রস্তুত করে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কৃতী সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শওকত আলম।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার কানিজ ফাতেমা, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. ইলিয়াছ ও মাওলানা এরশাদুল ইসলাম। অনুভূতি প্রকাশ করেন জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অভিনয়ে প্রথম স্থান অর্জনকারী মনীশ ক্ষেত্র চৌধুরী এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আদিত্য বড়ুয়া, নাফিজা ইসলাম ও আদিত্য সরকার।

কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল মোজাহের ও উদীয়মান শিল্পী উম্মে কাউছার নিঝুম।