বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

মিরসরাইয়ে দুই থানার অভিযানে ২৭টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই >>

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা ও মিরসরাই থানার পৃথক অভিযানে মোবাইল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ২৭টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।

---------

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ‘এডিএম’ পাবলিক বাসে তল্লাশি চালায় জোরারগঞ্জ থানা পুলিশ। এ অভিযানে ১১টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

একই দিন রাতে উপজেলার ডাকবাংলো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় মিরসরাই থানা পুলিশ। এ সময় ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানায় গ্রেফতার ব্যক্তিরা হলেন— মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখীল এলাকার মৃত নুরুর সোবাহানের ছেলে মো. জসিম উদ্দিন, সিলেট জেলার গোলাপগঞ্জ থানার হাবিবুর রহমানের ছেলে মো. জাকির হোসেন এবং কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চারগ্রাম এলাকার সোলেমান মিয়ার ছেলে মো. সুজাত মিয়া।

অন্যদিকে মিরসরাই থানায় গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন মো. ছাদেক (৩৮)। তিনি সিলেট জেলার শাহপরান (রহ.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, “দুই থানার অভিযানে বিভিন্ন মডেলের ২৭টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”