খেলা

জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সূচনা

সুপ্রভাত ডেস্ক >>

গাণিতিক প্রতিভা অন্বেষণ ও শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’। মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (সিইএসসি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেগা অলিম্পিয়াডের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী।

---------

আয়োজনটি কিডস (K), প্রাইমারি (P), জুনিয়র (J), সিনিয়র (S) ও হায়ার সেকেন্ডারি (HS)—এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মোট ১০টি প্রতিযোগিতার সমন্বয়ে আয়োজিত উৎসবের প্রথম দিনেই ৮টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

প্রথম দিনের প্রতিযোগিতার মধ্যে ছিল—ম্যাথ অলিম্পিয়াড, জিওমেট্রি ড্যাশ, ম্যাথ রিলে, ম্যাথ মিম, পোস্টার ডিজাইনিং, দেয়াল পত্রিকা, টিক-ট্যাক-টো ও রুবিকস কিউব। শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও মেধার সৃজনশীল প্রতিযোগিতায় পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয় গণিতের এক প্রাণবন্ত আবহ।

উদ্বোধনী দিনেই সাবমিশনভিত্তিক ইভেন্ট এবং ‘ম্যাথ রিলে’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফাহিম আদনান সিদ্দিকীর দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তদারকি এবং সিইএসসি ম্যাথ ক্লাবের সদস্যদের নিরলস পরিশ্রমে আয়োজনের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। গণিতকে সহজ, আনন্দদায়ক ও সৃজনশীলভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে ক্লাবের তরুণ সদস্যদের এ উদ্যোগ প্রশংসা পেয়েছে।

আগামী ১৩ আগস্ট সিইএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আয়োজনের সমাপনী অনুষ্ঠান। এতে হায়ার সেকেন্ডারি (HS) ক্যাটাগরির ‘ইন্টিগ্রেশন বি’ এবং কিডস ক্যাটাগরির ‘ম্যাথ রিডল’ প্রতিযোগিতাসহ সাবমিশনভিত্তিক কাজের প্রদর্শনী থাকবে।

সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আউটগোয়িং ও ইনকামিং চেয়ারম্যানের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। একই অনুষ্ঠানে ‘ম্যাথ অলিম্পিয়াড’, ‘জিওমেট্রি ড্যাশ’ ও কিডস ক্যাটাগরির মূল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সমাপনী পুরস্কার।