নিজস্ব প্রতিবেদক >>
চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অভিযানে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধভাবে স্থাপিত ৬টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-১২’ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোট সহযোগিতা করে।
অভিযানকালে কর্ণফুলী চ্যানেল ও জাহাজ চলাচলের পথে অবৈধভাবে স্থাপন করা ৬টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পাশাপাশি চ্যানেলে অবস্থানরত ফিশিং বোটগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে নির্ধারিত নৌ চলাচল পথে অবৈধভাবে জাল স্থাপন না করার জন্য মাঝি-মাল্লাদের সতর্ক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, “বন্দরের নেভিগেশনাল নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।”
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ চলাচলের নিরাপত্তা বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও সমন্বিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















































