ক্যাম্পাস

সিভাসুতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

সুপ্রভাত ডেস্ক >>

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

---------

এ উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে সিভাসু অডিটোরিয়ামে আলোচনা সভা, পোস্টার প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক এবং চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও অনুষদীয় মৎস্য পক্ষ-২০২৬ আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক।

অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের তৈরি ৩৭টি পোস্টার প্রদর্শন করা হয়। পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের ওপর পোস্টার প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রতিটি ব্যাচ থেকে একজন করে চ্যাম্পিয়ন ও একজন করে রানার-আপ নির্বাচিত হন।

পরে বিজয়ী ১০ শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও বই দিয়ে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, মৎস্য খাতের গুরুত্ব, টেকসই উৎপাদন, জলজ সম্পদ সংরক্ষণ ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।