বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
খেলা

বিপিএলের সময় সাকিব-ফিজরা অন্য লিগ খেলতে পারবে না

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বসছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। একই সময়ে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ, আরব আমিরাত লিগ, এমনকি মিনি আইপিএল খ্যাত দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগও মাঠে গড়াচ্ছে । এসময় বিপিএল রেখে সাকিব-মুস্তাফিজরা অন্য কোনো ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। খবর ডেইলি-বাংলাদেশ’র
গতকাল সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এমনই ইঙ্গিত দিয়েছেন। নিজামউদ্দিন বলেন, ‘শুধু আমাদের দেশের কথা না প্রত্যেকটা সদস্য দেশগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এনওসির বিষয় আছে। এই বিষয়গুলো সবাই মেনে চলে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না নিজের দেশের একটা প্রতিযোগিতা রেখে কেউ অন্য দেশে খেলতে যাবে না।’
এদিকে নিজ দেশের বিগব্যাশ রেখে আরব আমিরাতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিপিএলে নিয়মিত যেসব বিদেশি ক্রিকেটার আছেন, যেমন আন্দ্রে রাসেল, সুনীল নারিন তাদের সঙ্গে জস বাটলার, মঈন আলি, জেসন হোল্ডারের মতো ক্রিকেটাররা অন্য বিদেশি লিগগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তো আসন্ন বিপিএলে ভালো মানের বিদেশি সংকট বাড়বে?
নিজামউদ্দিনের ব্যাখ্যা, ‘আমাদেরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে, সদস্য দেশ তারা টি-২০ লিগ চালুর জন্য একটা উইন্ডো খুঁজছে। একই সময় অন্য কোনো সদস্যদের উইন্ডো যদি পড়ে যায়, কনফ্লিক্ট করে, তাহলে সবাই কিন্তু সাফার করবে। এমন না যে শুধু আমরাই সাফার করব। আমার দুইজন বা তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যদি সেখানে খেলার সুযোগ থাকে সে কিন্তু খেলছে না, আমার ডোমেস্টিক লিগে খেলছে।’
নিজামউদ্দিন আরো যোগ করেন, ‘নির্দিষ্ট কোনো নাম আমি বলতে চাই না, তবে বাইরে থেকে এখানে যদি কোন বিদেশি ক্রিকেটার আসে তারা যদি খেলতে চাই খেলবে, আবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় বাইরে খেলে, তাদের কেউ কিন্তু তারা মিস করবে। তো এটা যে শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিষয়টা কিন্তু মোটেও সেটা না।’

---------