খেলার সবুজ মাঠে
উৎপলকান্তি বড়ুয়া
ছড়ার সকাল
ঝলমলে খুব মিষ্টি রোদে রাঙা,
শিশির ভেজা পাতা ও ঘাসের ফুরফুরে মন চাঙা।
ছড়ার দুপুর
শান্ত নিঝুম ঘুঘু পাখির ডাক,
বটের শীতল ছায়ায় মিশে মেঠো পথের বাঁক।
ছড়ার পুতুল
বিয়ের পুতুল এক পুতুলের দান,
হালদা নদীর জলের বুকে ঢেউয়ের সুরে গান।
ছড়ার বিকেল
হাসে সবুজ মাঠের নরোম ঘাসে,
চাংয়ের ওপর কলকলিয়ে পুঁই-ঝিঙেফুল হাসে।
ছড়ার সাঁঝে
চাঁদের হাসির ঝলমল রূপ ঝরে,
জুঁই রজনীগন্ধা সুবাস বিলায় অকাতরে।
ছড়ার দাদুর
মাথার টাকে সদ্য গজায় চুল,
খেলার সবুজ মাঠে ওঠে খুশির হুলুস্থুল।
বানরের ব্যান্ড দল
শ্যামল বণিক অঞ্জন
বানরের ব্যান্ড দলে
যোগ দিলো হনুমান
মঞ্চে কি হবে আজ
করা যায় অনুমান!
ভোকালে দাঁড়কাক
বাজপাখি গিটারে
শব্দের মাত্রাটা
থাকবে না মিটারে!
লিরিকটা লিখেছেন
পণ্ডিত শেয়ালে
গেয়ে যাবেন কাক কাকু
নিজ সুর খেয়ালে!
বৃষ্টি মেঘের কান্না
সৈয়দ খালেদুল আনোয়ার
রিম ঝিম ঝিম বৃষ্টি
সাঁঝের আঁধার নামলো বুঝি
ঝাপসা হলো দৃষ্টি।
বৃষ্টি ঝরা ছন্দ
মন টেনে নেয় দূর অজানায়
আহা কী আনন্দ!
হারিয়ে গেছে সূর্য
গুম গুম গুম ক্ষণে ক্ষণে
দেয়া বাজায় তুর্য।
বৃষ্টি ধারা বর্ষে
কদম কেয়া নেচে ওঠে
আনন্দ আর হর্ষে।
বৃষ্টি কণা পান্না
পান্না তো নয় পান্না তো নয়
বৃষ্টি মেঘের কান্না।
বিশ্বকাপ এল
জনি সিদ্দিক
চারটি বছর পরে এলো
বিশ্বকাপের খেলা,
বিশ্বজুড়ে পড়ল সাড়া
ঘরে ঘরে মেলা।
চা-দোকানে কিংবা মাঠে
ভার্সিটি আর বাজার-হাটে
শুনি সবার মুখে,
জিতবে নেইমার, নাকি মেসি?
এই নিয়ে তো রেষারেষি-
কে দাঁড়াবে রুখে?
সোনার হরিণ কাপটা পেতে
জয়ের সুখে হারিয়ে যেতে
বলের পিছে ছোটে,
শেষের বাঁশি দেয় রেফারি
গোলের পাল্লা হলে ভারী
জয়ের হাসি ফোটে।
বিশ্বকাপ কি শুধুই খেলা-
নাকি কোনো পেশা?
না রে দাদা, খেলা মানে-
আবেগ-মাখা নেশা!
বৃষ্টি বিলাস
মুকুল হোসেন
আষাঢ় এলে বাদলা দিনে
কালো মেঘে ঢাকা,
আকাশ হতে নামবে বৃষ্টি
প্রহর গুনে থাকা।
আজ আকাশের বাঁধ ভেঙেছে
ঝরছে অঝোর ধারা,
ফুল পাখি ও বৃক্ষলতা
ভিজে আত্মহারা।
কদম ফুলের গুচ্ছ হাতে
বৃষ্টি বিলাস করে,
কদম ফুলের পাপড়ি ঝরে
মাথায় এসে পড়ে।
মাঝ আকাশে বজ্র ডাকে
ফিরতে হবে ঘরে,
বৃষ্টিজলে ভিজলে বেশি
ধরবে পরে জ্বরে।
বৃষ্টি যখন নামে
লিটন কুমার চৌধুরী
আকাশ তখন মিষ্টিমুখর
বিদ্যুৎটা চমকালো।
বদ্ধ ঘরে আটকা পড়ে
আর লাগে কি ভালো?
ঝমঝমিয়ে বৃষ্টি নামে
শহর কিংবা গ্রামে
ছন্দতালে নুপুর বাজে
ডানে এবং বামে।
বৃষ্টি দিনে কী আর করা
লিখতে বসি পদ্য-ছড়ায়
মন খারাপকে ছুটি দিয়ে
স্বপ্ন নায়ে ভাসি
এক নিমিষে কালো উধাও
প্রাণ খুলে তাই হাসি।
হাসি মানে মিষ্টি হাসি
স্বচ্ছ আকাশ রাশি রাশি
সূর্য মামা খিলখিলিয়ে
ছড়ায় রোদের ছটা
মুক্ত আকাশ খেলতে বেরোই
সকাল তখন ন’টা।
মেসির পায়ে জাদু
কাজী নাজরিন
মেসির পায়ে জাদু আছে
মেসি মানেই গোল
যে যাই বলুক, নিন্দা করুক
পেটাক ডামাডোল।
বিশ্বকাপে মেসির জাদু
হয়ে গেছে জানা
মেসি ছাড়া অন্য কিছু
এই মুহূর্তে মানা।


















































