মহানগর

চট্টগ্রাম ওয়াসায় পিপিপি সক্ষমতা বাড়াতে ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক >>

চট্টগ্রাম ওয়াসায় নেদারল্যান্ডস ভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির সহায়তায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি শুরু হয়েছে।

---------

‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচির আওতায় পিপিপি ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর বাংলাদেশ-নেদারল্যান্ডস অংশীদারিত্বের অংশ হিসেবে পরিচালিত এ কর্মসূচিতে অর্থায়ন করছে ‘পার্টনার্স ফর ওয়াটার’ ও নেদারল্যান্ডস সরকারের দূতাবাস।

কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের পানি খাতে পিপিপি প্রকল্প মূল্যায়ন, প্রস্তুতি, রূপরেখা তৈরি ও ব্যবস্থাপনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি জ্ঞান বিনিময়ের মাধ্যমে ডাচ প্রযুক্তি, দক্ষতা ও বেসরকারি খাতের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির প্রধান নির্বাহী (সিইও) গ্যাব্রিয়েল নুফম্যান বলেন, পিপিপি কোনো চূড়ান্ত লক্ষ্য নয়; বরং জনসেবার পুরো জীবনচক্রে আরও ভালো ও টেকসই সেবা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। উপযুক্ত ক্ষেত্রে পিপিপি ব্যবস্থাপনার জন্য সরকারি প্রতিষ্ঠানের শক্তিশালী সক্ষমতা প্রয়োজন।

সফরকালে গ্যাব্রিয়েল নুফম্যান ও তার প্রতিনিধি দল পতেঙ্গায় প্রস্তাবিত চট্টগ্রাম মেট্রোপলিটন স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (ক্যাচমেন্ট-৬) প্রকল্প এলাকা পরিদর্শন করেন। উন্নয়ন ও সম্ভাব্যতা যাচাই পর্যায়ে থাকা এ প্রকল্পে প্রতিদিন ৫০ মিলিয়ন লিটার বর্জ্য পানি শোধনের সক্ষমতা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় পাঁচ লাখ বাসিন্দা সেবা পাবে এবং অপরিশোধিত বর্জ্য পানি কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে প্রবেশ রোধে ভূমিকা রাখবে।

২৪ আগস্ট নগরীর আগ্রাবাদের একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি পিপিপি ই-লার্নিং মডিউলের সূচনাও ঘোষণা করা হয়। এসব মডিউলে পিপিপির ধারণা, পরিভাষা ও প্রকল্প উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মো. নজরুল ইসলামসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা অংশ নেন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম জানে আলম বলেন, ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচির পরবর্তী ধাপে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগে নিয়ে যাবেন। তারা প্রকল্প স্ক্রিনিং, আর্থিক কাঠামো প্রণয়ন, ঝুঁকি বণ্টন, বাজার সম্পৃক্ততা ও পিপিপি প্রস্তাব তৈরির বিষয়ে দক্ষতা অর্জন করবেন।

তিনি আরও বলেন, নেদারল্যান্ডস ভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির এ সহযোগিতা চট্টগ্রাম ওয়াসার পিপিপি খাতে প্রকল্প বাস্তবায়ন, কারিগরি জ্ঞান বৃদ্ধি ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।