আনোয়ারা প্রতিনিধি >>
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া হাজারি সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পশ্চিম বরুমচড়া হাজারি সড়কে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তরুণ যুব সমাজের উদ্যোগে এবং তরুণ শিল্প উদ্যোক্তা আরিফ সিকদারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন কাজ অসম্পূর্ণ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বক্তারা অভিযোগ করেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে চলে গেছে। ফলে সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে স্থানীয় বাসিন্দাসহ এ পথে চলাচলকারী প্রায় ২০ হাজারের বেশি মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় বরুমচড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।



















































