ক্যাম্পাস

সিভাসু বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে থাকছে বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক >>

আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে।

---------

কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী শোভাযাত্রা, বৃক্ষরোপণ, কেক কাটা এবং আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠিত হয়। পরে দীর্ঘ আন্দোলন ও দাবির পর ২০০৪ সালের ১৯ জুলাই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। ২০০৬ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠার পর থেকে সিভাসু শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে দেশের অন্যতম বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। প্রাণিসম্পদ, ভেটেরিনারি চিকিৎসা, খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই সিভাসু শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সাফল্যে অবদান রাখা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।