নিজস্ব প্রতিবেদক >>
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে তুলে ধরে কবিতা ও আবৃত্তির এক ব্যতিক্রমী আয়োজন করেছে শাশ্বত ধ্বনি পরিষদ। বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবি, লেখক, চিন্তক ও সাহিত্য-সংস্কৃতির বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন শুধু সাহিত্যের বিষয় নয়, বরং তা মানবজীবনের জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর আচার-আচরণ, মানবিক মূল্যবোধ ও জীবনদর্শন যুগে যুগে মানুষকে আলোর পথ দেখিয়েছে। মহানবী (সা.)-এর জীবন নিয়ে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা ও গবেষণা অব্যাহত রয়েছে।
বক্তারা আরও বলেন, রাসুল (সা.)-কে নিয়ে সাহাবি, তাবেয়ি ও পরবর্তী যুগের অসংখ্য লেখক-সাহিত্যিক রচনা করেছেন। তাঁদের লেখা ও সৃষ্টিকর্ম আজও বিশ্বজুড়ে আলোচিত ও গবেষণার বিষয় হয়ে আছে। মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শাশ্বত ধ্বনি পরিষদের আয়োজনে ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক কবিতা আবৃত্তি অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও চিন্তক আমিনুল ইসলাম নজির, কবি, গীতিকার ও বাচিকশিল্পী চৌধুরী গোলাম মাওলা। এছাড়া বক্তব্য দেন লেখক ও সংগঠক আমিরুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক মইনউদ্দীন জাহেদ এবং কবি মোহাম্মদ আমানউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক ও আবৃত্তি শিক্ষক মোস্তাক খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী আব্দুল মুনইম আসরা।
অনুষ্ঠানে মহানবী (সা.)-কে নিবেদিত একক আবৃত্তি পরিবেশন করেন সৌভিক চৌধুরী, শরীফ মাহমুদ, আদনান করিম, রাইয়ান আর রহমান, মহিউদ্দিন মারুফ, আরশাদ মাহমুদ, কানিজ ফাতিমা নূরীসহ একাধিক আবৃত্তিশিল্পী। এছাড়া নাতে রাসুল পরিবেশন করেন শাহিদুল করিম খান, গোলাম মোস্তফা মুরাদ, রাইয়ান আর রহমান, মেহরীমা বিনতে ফারুক ও সাজিদুল করিম খান।
আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিক শিক্ষা ও মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য-সংস্কৃতির আয়োজন অব্যাহত থাকবে।




















































