বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
মহানগর

সিইআইটিসিতে শ্রদ্ধা ও ভালোবাসায় অধ্যাপক ডা. রবিউল হোসেনকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক >>

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি), ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (আইসিও) এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেনের ৮৯তম জন্মদিন শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হয়েছে।

---------

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সিইআইটিসি ও আইসিও’র যৌথ উদ্যোগে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ইমরান সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. তৈয়বুল হকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মৃতিচারণ করেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম। সহযোগী অধ্যাপক ডা. সোমা রানী রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী, আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী, সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, সিইআইটিসি ট্রাস্ট বোর্ডের সদস্য রিয়াজ হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, সিনিয়র কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরীসহ অনেকে।

অনুষ্ঠানে আন্তর্জাতিকভাবে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র কনসালটেন্ট ডা. সুজিৎ কুমার বিশ্বাস। এ ছাড়া অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইসিও’র সহযোগী অধ্যাপক ডা. শায়লা বেগমের উপস্থাপনায় একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সিইআইটিসি ও আইসিও’র চিকিৎসকরা অংশ নেন।

বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনের জন্য ডা. সুজিৎ কুমার বিশ্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম ও মেডিকেল ডিরেক্টর সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ডা. নুহিন ইসলাম ও ডা. সাবরিনা শারমিনকেও পুরস্কৃত করা হয়।

বক্তারা বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুর দুই মাস পূর্ণ হওয়ার দিনে তাঁর জন্মদিন পালন করা হচ্ছে। দিনটি একই সঙ্গে আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা স্মরণীয় এবং বেদনাবিধুর একটি দিন। তাঁর অসামান্য কর্মময় জীবন, মানবসেবা, চিকিৎসাক্ষেত্রে অবদান এবং সমাজের মানুষের জন্য তাঁর নিরলস প্রচেষ্টা সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।

তারা আরও বলেন, চক্ষু চিকিৎসা সেবায় অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন শিক্ষক, পরামর্শক ও দেশের সম্পদ। তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানের শেষে মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সিইআইটিসি’র কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতাও কামনা করা হয়।