সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বহু মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে অসংখ্য বসতঘর। এরই মধ্যে বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদার ঘরবাড়িও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। পানিতে ভিজে নষ্ট হয়ে যায় তার বইপত্র ও অন্যান্য শিক্ষা উপকরণ।
সানজিদার এ দুর্দশার সংবাদ যমুনা টেলিভিশনে প্রচারিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সংবাদটি দেখে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।
জালাল সিদ্দিকীর পক্ষ থেকে বাঁশখালী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সানজিদার হাতে নতুন বই, শিক্ষা উপকরণ এবং উপহার সামগ্রী তুলে দেন।
এ বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, “সম্প্রতি দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। একজন শিক্ষার্থী এবং ছাত্রনেতা হিসেবে আমি আমার এক শিক্ষার্থী বোনের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। আশা করি, এই শিক্ষা উপকরণ তার লেখাপড়া চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়ক হবে।”






















































