বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
ক্যাম্পাস

বাঁশখালীতে ৩১ বন্যার্ত পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

সুপ্রভাত ডেস্ক >>

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত ও গবাদিপ্রাণী কেনার জন্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩১ বন্যার্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

---------

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলার সরকারি আলাওল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক শাহনাজ সুলতানা, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবিরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

এর আগে গত ১২ জুলাই প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সিভাসুর উদ্যোগে ৫০০ প্যাকেট রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল, ওষুধ, প্রাণী-খাদ্য ও গবাদিপ্রাণীর ওষুধ বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গবাদিপ্রাণীর সুরক্ষা ও পুনর্বাসনেও সিভাসুর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।