মহানগর

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি

সুপ্রভাত ডেস্ক >>

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে দেশের বৃহৎ আধ্যাত্মিক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। শুক্রবার (১৪ আগস্ট) বাদ আসর নগরীর ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

---------

র‌্যালির আগে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) আসন্ন জশনে জুলুসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জুলুস হিসেবে চট্টগ্রামের জশনে জুলুসের বিশেষ পরিচিতি রয়েছে। প্রতি বছর রবিউল আউয়াল মাসে নগরীর রাজপথ লাখো মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে। জুলুসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দরুদ-সালামের মাধ্যমে তাঁর জীবনাদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মনজুর আলম বলেন, আওলাদে রাসুল পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ (ম. জ. আ.)-এর নেতৃত্বে অনুষ্ঠিতব্য জশনে জুলুস যাতে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তিনি জশনে জুলুসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন আনজুমান সদস্য মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পু।

প্রধান বক্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এবারের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুস সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিউল আউয়ালকে স্বাগত জানানোর পাশাপাশি এই র‌্যালির মাধ্যমে আগামী দিনের বৃহৎ জশনে জুলুসের জন্য ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে।

তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস. এম. গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য আনোয়ারুল হক, নুরুল আমিন, আবদুল হাই মাসুম, মাহবুব ছফা, মাহবুবুল আলম, ওয়াহিদ মালেক, তৌহিদুল করিম, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান এবং আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সচিব প্রফেসর আবু সালেহ মো. নঈম উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‌্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুন্নি জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তব্য শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।