বিজনেস

গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নিল সম্মিলিত ইসলামী ব্যাংক

সুপ্রভাত ডেস্ক >>

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

---------

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে ব্যাংকের দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদারের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে একই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে একীভূত পাঁচটি ব্যাংকের মধ্যে দুটি ব্যাংকের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হলো।

অনুষ্ঠানে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার দ্রুততম সময়ে স্বাভাবিক ব্যাংকিং সেবা চালুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে তিনি ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কঠোর সুশাসন, পূর্ণাঙ্গ শরিয়াহ পরিপালন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংককে টেকসই ও জনকল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।