সংবাদ

ঘাসফুলের প্রধান পৃষ্ঠপোষক এমএল. রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

উন্নয়ন সংস্থা ঘাসফুলের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট কর উপদেষ্টা মরহুম এম. এল. রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (১ আগস্ট)। দিবসটি উপলক্ষে ঘাসফুল পরিবারের উদ্যোগে চট্টগ্রাম ও নওগাঁয় কোরআনখানি, দোয়া মাহফিল এবং এতিম শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার মোহাম্মদীয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিনে মরহুমের জন্মভূমি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় হযরত আলী (রা.) হাফেজিয়া কওমি মাদ্রাসা ও শিশু সদনে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিম ও শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে।

-advertise-

মোহাম্মদ লুৎফর রহমান ১৯২৫ সালের ১ ডিসেম্বর নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের একজন স্বনামধন্য আয়কর উপদেষ্টা হিসেবে সুনাম অর্জন করেন। ২০০০ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ঘাসফুলের প্রতিষ্ঠা, বিকাশ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভিত্তি নির্মাণে তাঁর অবদান ছিল অনন্য। সমাজসেবাকে তিনি ব্যক্তিজীবনের আদর্শে পরিণত করেছিলেন। প্রচারবিমুখ, সদালাপী ও নিরহংকার এই মানুষটি নীরবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য ছিলেন। পাশাপাশি এফপিএবি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লায়ন্স ক্লাবের বিভিন্ন মানবকল্যাণমূলক উদ্যোগেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

২৬তম মৃত্যুবার্ষিকীতে ঘাসফুল পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুম এম. এল. রহমানকে স্মরণ করছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।।