চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ’৮৩ ব্যাচ (কুসাব ’৮৩)-এর উদ্যোগে এক মনোজ্ঞ যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
সুর, মেলোডি ও বন্ধুত্বের উচ্ছ্বাসে ভরপুর এ আয়োজনে টেলিভিশন ও বেতারের জনপ্রিয় শিল্পী আলোয়া আরিফ সঙ্গীত পরিবেশন করেন। তাঁর সঙ্গে অংশ নেন তাঁর সুযোগ্য সন্তান, তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ ইতমাম। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
নাসরিন ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ঈসাম হোসাইন।
এছাড়া কুসাব ’৮৩-এর সদস্যবৃন্দ, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট শিল্পী, শিপিং ব্যবসায়ী ও বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, আবদুল মান্নান রানা এবং শিপিং ও অন্যান্য ব্যবসায়িক খাতের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মামুন হোসাইন বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কুসাব ’৮৩-এর সভাপতি নাছিরউদ্দিন চৌধুরী জানান, সদস্যদের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চাকে আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।






















































