নিজস্ব প্রতিবেদক >>
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক ও নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, এমটি সি স্পাইকে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) ছিল। প্রাথমিকভাবে তীব্র স্রোতের কারণে ট্যাংকারটির নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, সংঘর্ষের পর এমটি সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে পানি প্রবেশ করেনি এবং কোনো ধরনের তেল নিঃসরণও হয়নি। তবে জাহাজটির ইঞ্জিন রুমের পোর্ট কোয়ার্টারে প্রায় এক বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটে। জরুরি ব্যাটারির মাধ্যমে ভিএইচএফ যোগাযোগ সচল রাখা হয়েছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুই নোঙরের ১০ শ্যাকেল করে ক্যাবল ছেড়ে দেওয়া হয়েছে। জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী, ভাটার সময়ও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে।
তিনি আরও বলেন, ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড উদ্ধার কার্যক্রম শুরু করে। বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কান্ডারী-৮’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া দ্রুত জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্ট প্রাইড শিপিংকে এবং ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজের মাস্টারের সঙ্গে সার্বক্ষণিক ভিএইচএফ যোগাযোগ রাখা হচ্ছে।
রেফায়েত হামীম বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।”




















































