বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১০ আসামি

সুপ্রভাত ডেস্ক »

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও সাবেক বিচারপতিসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

---------

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে দেশের বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।

হাজির করা ১০ আসামি হলেন- সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারিত রয়েছে। এ কারণে কারাগারে থাকা ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।