বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
সংবাদ

জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক >>

বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের (জেটিএমএল) ৫৪ দশমিক ৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

---------

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভাটিয়ারিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

চুক্তি স্বাক্ষরের আগে স্বাগত বক্তব্য দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। পরে বিটিএমসির পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ইস্টার্ন সার্কেল, চট্টগ্রামের মিলিটারি এস্টেট অফিসার চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার প্রতিরক্ষা সামগ্রীসহ দেশে উৎপাদিত বিভিন্ন পণ্যকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে দেশের প্রতিরক্ষা শিল্প কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, রাষ্ট্রের একমাত্র অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রসারণের মাধ্যমে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রতিরক্ষা খাতে বৈদেশিক নির্ভরতা কমার পাশাপাশি দেশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।