সংবাদ

প্রতিনিধি ও পরিবারের সদস্যদের মৃত্যুতে আজকের পত্রিকার গভীর শোক

সুপ্রভাত ডেস্ক >>

ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯) ও তাঁর পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

---------

নিহত অন্যরা হলেন—দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শারমীন (২৭), তাঁদের তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।

দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার দিলীপ দত্তের ছেলে। তাঁর শ্বশুর আকরাম আলির বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য ৩ আগস্ট দেবাশীষ দত্ত পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। ১৩ দিনের চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁরা কলকাতায় ফেরেন। দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চারজনের মৃত্যু হয়। দেবাশীষ দত্তের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে এবং তাঁর মা-বাবাও জীবিত রয়েছেন।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আজকের পত্রিকা পরিবার। ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, দেবাশীষ দত্ত ছিলেন একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি কুষ্টিয়ার মানুষের কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। তাঁর ও পরিবারের সদস্যদের আকস্মিক মৃত্যুতে আজকের পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করা হয়েছে।

এদিকে কলকাতার ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।