দেশের প্রান্তিক মানুষের উৎপাদিত পণ্য, নিরাপদ কৃষি এবং গ্রামীণ অর্থনীতির সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে উন্নয়ন সংস্থা ঘাসফুল গত ২৭ মে, বুধবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে ঈদ উপহার তুলে দিয়েছে তাঁর মেহেদীবাগ বাসভবনে।
ঈদ উপহারের অংশ হিসেবে ড. মনজুর-উল-আমিন চৌধুরী সম্পাদিত ঘাসফুল-প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণের জীবন ও কর্মভিত্তিক প্রকাশিত স্মারকগ্রন্থের পাশাপাশি সংস্থার উপকারভোগীদের উৎপাদিত নিরাপদ মসলা ও কৃষিপণ্য উপহার তুলে দেন সংস্থার চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী এবং সিইও আফতাবুর রহমান জাফরী।
সাক্ষাৎকালে সংস্থার চেয়ারম্যান ও সিইও দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও টেকসই কৃষি সম্প্রসারণে ঘাসফুলের দীর্ঘদিনের কার্যক্রম তুলে ধরেন। ঘাসফুল নিরাপদ অর্গানিক উপায়ে সবজি ও ফলচাষ, পোলট্রি, গবাদিপশু পালন, মৎস্যচাষ, কৃষক প্রশিক্ষণ, উন্নত বীজ বিতরণ, ক্ষুদ্র অর্থায়ন এবং বাজার সংযোগ তৈরির মাধ্যমে একটি টেকসই গ্রামীণ অর্থনৈতিক চক্র গড়ে তুলতে কাজ করছে।
এছাড়াও ঘাসফুল দেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী পণ্য ও কৃষিজ সম্পদকে নতুনভাবে ব্র্যান্ডিং এবং মূল্য সংযোজনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের উন্নয়ন ও জনকল্যাণে নিয়োজিত ঘাসফুলের মতো সংস্থাসমূহকে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করার আহবান জানান।
তিনি পিকেএসএফ’র সহযোগিতায় খরাপ্রবণ অঞ্চলগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে ঘাসফুলের চলমান খাল ও পুকুর খনন কার্যক্রমের জলপ্রবাহ গতিশীল রাখতে পরামর্শ প্রদান করেন, যা কৃষি ও মৎস্যচাষসহ গ্রামীণ অর্থনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি ঘাসফুলের বহুমুখী উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সংস্থার ধারাবাহিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
























































