এ মুহূর্তের সংবাদ

সংরক্ষিত আসন, বিমানবন্দরে হয়রানি বন্ধসহ প্রবাসীদের ১০ দফা দাবি

সুপ্রভাত ডেস্ক »

জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন, বিমানবন্দরে হয়রানি ও টিকিট সিন্ডিকেট বন্ধ, অসহায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনা এবং বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমানোর দাবিসহ ১০ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীর পল্টনের আল-রাজী কমপ্লেক্সে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে পথচারীদের মধ্যে খাবার বিতরণ ও কেক কাটার আয়োজনও করা হয়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে ১০ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলোর হলো— অসহায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার নীতিমালার বাস্তবায়ন, সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন, বিমানবন্দরে হয়রানি ও টিকিট সিন্ডিকেট বন্ধ, দ্বৈত নাগরিকত্ব ও পেনশন সুবিধা চালু, সহজ ও দালালমুক্ত দূতাবাস সেবা, ‘প্রবাসী সুরক্ষা আইন’ প্রণয়ন, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, অনথিভুক্ত প্রবাসীদের বৈধকরণে কূটনৈতিক উদ্যোগ, বিদেশে শ্রম কল্যাণ উইং সম্প্রসারণ এবং বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমিয়ে প্রবাস ফেরতদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা।

এ সময় সংগঠনের মানবপাচার প্রতিরোধ ও পুনর্বাসন সম্পাদক মো. শাহাব উদ্দীন শিহাবের সঞ্চালনায় এবং প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মিজানুর রহমান লিমন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এতে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।