সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের পতেঙ্গা থেকে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় প্রায় দেড় হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত তেলের মূল্য আনুমানিক ২ লাখ ৫৫ হাজার টাকা।
শুক্রবার (৮ মে) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানে জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাসকৃত দেড় হাজার লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কোস্ট গার্ডের গণসংযোগ কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত ভোজ্য তেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


















































