সুপ্রভাত ডেস্ক >>
নগরে কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের দুটি বাসে চালক ও হেল্পার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
আজ মঙ্গলবার দুপুরে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আপাতত দুটি বাস দিয়ে এ সার্ভিস চালু করা হয়েছে। বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা করে ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। নারী যাত্রীদের সুবিধার জন্য পুরো পথে ১২টি নির্ধারিত স্টপেজ রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এরশাদ উল্লাহ বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রধানমন্ত্রীর একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এই বাস সার্ভিস চালুর মাধ্যমে তা বাস্তবায়িত হলো। বাস পরিচালনার পুরো প্রক্রিয়ায় নারীদের যুক্ত করা একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’এই বাস সার্ভিস চালুর ফলে কর্মজীবী নারীদের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করেন তিনি।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রামের বিভিন্ন শিল্পকারখানায় বিপুলসংখ্যক নারী কাজ করেন। তাঁদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই নারী ড্রাইভার ও নারী কন্ডাক্টর দিয়ে এই বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের মা-বোনেরা যেন নিরাপদে কর্মস্থলে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।




















































