শৈল-সৈকত ও দেশগ্রাম

মিয়ানমার থেকে ২৪ জেলেকে ফেরাল বিজিবি

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা >>

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। বিজিবি জানিয়েছে, তাঁরা উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

---------

বুধবার দুপুরে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে তাঁদের গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধিদল। পরে তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। বুধবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা অথবা কারাগারে তাঁদের রাখা হয়।

আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে মানবিক বিবেচনায় বিজিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় তাঁদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়। সর্বশেষ ২৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলেকে বিজিবি দেশে ফিরিয়ে এনেছিল।