বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
বিজনেস

আল-আরাফাহ ব্যাংক আউটলেট থেকে কোটি টাকা উধাও, আটক ২

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা >>

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেট থেকে ২১ গ্রাহকের জমা করা ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আউটলেটটির এজেন্ট মালিকসহ দুজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

---------

গ্রাহকদের অভিযোগ, আউটলেটটির ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে হিসাবের নথি, জমা রসিদ ও সংশ্লিষ্ট কাগজপত্রে অনিয়ম করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে ওই আউটলেটের আরও অনেক গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে।

এ ঘটনায় পালংখালী বাজারের ব্যবসায়ী আনোয়ার ফয়সাল আরিফ বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে আউটলেটটির এজেন্ট মালিক হাকিম উদ্দিন (৬৮), ক্যাশিয়ার তাহসিন ইসলাম (২১), ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদ (৩২), অংশীদার মালিক বেলাল উদ্দিন (৫২), মো. ইউছুপ (৩১), মো. ইছহাক (৩২), মো. আব্দুল্লাহ (৩৩), ইফতেকার উদ্দিন (৩৫) ও জহির উদ্দিন (৪২)সহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের দিকে উখিয়া উপজেলার পালংখালী বাজারের ইয়াকুব-মোস্তফা মার্কেটের দ্বিতীয় তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট হিসেবে শাখাটির কার্যক্রম শুরু হয়। স্থানীয় গ্রাহকদের সঙ্গে কর্মকর্তাদের পূর্বপরিচয় থাকায় তারা বিশ্বাস করে ওই আউটলেটে হিসাব খুলে নিয়মিত টাকা জমা ও লেনদেন করতেন।

মামলার বাদী আনোয়ার ফয়সাল আরিফ জানান, তাঁর নিজের হিসাবেই ৫ লাখ ৫৫ হাজার টাকা জমা ছিল। এ ছাড়া এজাহারে উল্লেখ করা ২১ জন গ্রাহকের হিসাবে থাকা মোট ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা বর্তমানে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।

গ্রাহকদের অভিযোগ, প্রয়োজনের সময় টাকা তুলতে গেলে আউটলেটের কর্মকর্তারা নানা অজুহাতে টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে হিসাব ও জমার রসিদ যাচাই করে তারা দেখতে পান, জমা করা অর্থের সঙ্গে হিসাবের তথ্যের মিল নেই। কোনো কোনো হিসাবে মাত্র কয়েক হাজার টাকা দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

গ্রাহক আমিরুল ফয়েজ বলেন, “দীর্ঘদিন ধরে ওই আউটলেটে টাকা জমা করে আসছি। প্রয়োজনের সময় টাকা তুলতে গেলে নানা অজুহাত দেখানো হয়। পরে হিসাব যাচাই করে দেখি, জমা করা টাকার সঙ্গে হিসাবের মিল নেই। আমরা আমাদের কষ্টার্জিত টাকা ফেরত চাই।”

আরেক গ্রাহক রুনা আক্তার বলেন, “বিশ্বাস করে ব্যাংকের ওই আউটলেটে টাকা রেখেছিলাম। এখন প্রয়োজনের সময় জানতে পারছি, হিসাবে টাকা নেই। সঠিক তদন্ত করে আমাদের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে।”

বাদীর অভিযোগ, গ্রাহকেরা টাকা ফেরতের জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা সময়ক্ষেপণ করতে থাকেন। পরে গ্রাহকেরা অভিযোগ করেন, হিসাবের বই, জমা রসিদ ও সংশ্লিষ্ট নথিতে অনিয়মের মাধ্যমে অর্থ অন্য হিসাবে স্থানান্তর করা হয়েছে।

এজাহার অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে বাদী ও কয়েকজন গ্রাহক আউটলেট কার্যালয়ে গিয়ে জমা রাখা টাকা ফেরত চান। এ সময় অভিযুক্তদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গ্রাহকেরা আউটলেট মালিক হাকিম উদ্দিন ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে আটক করেন। অন্যরা কৌশলে কার্যালয় থেকে বের হয়ে যান।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নেয়। পুলিশ তাদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাকিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, “আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি আউটলেট শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে থানায় এজাহার হয়েছে। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, অভিযুক্ত আউটলেট ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।