নিজস্ব প্রতিনিধি, পটিয়া >>
চট্টগ্রামের পটিয়ায় লোকালয়ে চলে আসা বিলুপ্তপ্রায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার হাইদগাঁও বৈদ্যপাড়া এলাকা থেকে প্রাণীটিকে নিরাপদ হেফাজতে নেয় বন কর্মকর্তারা।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ আগস্ট (মঙ্গলবার) রাতে খাবারের সন্ধানে বনাঞ্চলসংলগ্ন লোকালয়ে চলে আসে বিপন্ন প্রজাতির এই বানরটি। এ সময় স্থানীয় কয়েকজন প্রাণীটিকে দেখতে পেয়ে আতঙ্কিত না হয়ে ধরে ফেলেন এবং লোহার খাঁচায় বন্দি করে রাখেন। পরে পটিয়া রেঞ্জ কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে বুধবার দুপুরে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সিকিউরিটি সদস্য মো. মহিউদ্দিন, ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম বাংলাদেশের রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয়সহ উদ্ধার দলের কয়েকজন সদস্য।
ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম উদ্দিন বিজয় জানান, উদ্ধারকৃত প্রাণীটি আন্তর্জাতিকভাবে সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির ‘লজ্জাবতী বানর’। মূলত বনাঞ্চলে খাদ্যসংকট ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। বানরটির স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকালে পটিয়ার গভীর জঙ্গলে অবমুক্ত করা হবে।




















































