এ মুহূর্তের সংবাদ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে হত্যাকাণ্ড, ফেনীতে গ্রেপ্তার ৪

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে জিল্লুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

---------

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ফেনী সদর উপজেলার মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিদার (৪০), আহমদ উল্লাহ (৪০), শহিদ (৪০) ও শহিদুল ইসলাম কালু (৩৫)। তারা সবাই বাঁশখালী উপজেলার সরল এলাকার বাসিন্দা।

বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, বাঁশখালীর সরল ইউনিয়নের তাজুর ঘোনা এলাকায় লবণ মাঠ ও মাছের ঘেরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুলাই রাতে আধিপত্য বিস্তার ও ঘের দখলকে কেন্দ্র করে একদল লোক তাজুর ঘোনায় যায়। সেখানে পাহারায় থাকা জিল্লুর রহমানকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে সরে যেতে বলা হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার বুকে তিনটি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৩১ জুলাই ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব জানায়, ভুক্তভোগী জিল্লুর রহমান বাঁশখালীর সরল গ্রামের আবদুল আলীমের ছেলে। তিনি কয়েক মাস ধরে তাজুর ঘোনা এলাকার একটি লবণ ও মৎস্য সমিতির অধীনে মাসিক বেতনে চাকরি করছিলেন।

এ ঘটনায় জিল্লুরের বাবা বাদী হয়ে ৪০ জনকে এজাহারনামীয় এবং ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। গত ২ আগস্ট করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।mr

র‌্যাব আরও জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে নজরদারি চালানোর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর এলাকায় কয়েকজন আসামির অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।