সংবাদ

চট্টগ্রামে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিআরসি-আইসিএসবি’র আয়োজন

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার (সিআরসি) সাব-কমিটি চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন করেছে।

এ উপলক্ষে ১৬ জুন চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ গোল্ডেন প্লাজা (লেভেল-৫)-এ অবস্থিত আইসিএসবি চট্টগ্রাম শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৬ বছর আগে এ দিনে চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআরসি-আইসিএসবির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন এফসিএস। তিনি উপস্থিত অতিথি, সদস্য ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরসি-আইসিএসবির কো-চেয়ারম্যান মো. রিয়াজুল হক সিকদার এফসিএস, সদস্য রাজিব সাহা এফসিএস, মোহাম্মদ আবু সালাম এফসিএস এবং মো. সিদ্দিকুর রহমান এসিএস। এছাড়া আইসিএসবি চট্টগ্রাম শাখার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান প্রতিপালন, নৈতিক ব্যবসায়িক চর্চা উন্নয়ন এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আইসিএসবির দীর্ঘ পথচলা ও অর্জনের কথাও তুলে ধরেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

সমাপনী বক্তব্যে সিআরসি-আইসিএসবির কো-চেয়ারম্যান মো. রিয়াজুল হক সিকদার এফসিএস অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।