এ মুহূর্তের সংবাদ

চট্টগ্রাম বিভাগে ৫৪ লাখ ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

সুপ্রভাত ডেস্ক »

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম বিভাগের ৫৪ লাখ ৭৮ হাজার ৫২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি জানান, সারাদেশের সঙ্গে চট্টগ্রাম বিভাগেও দিনব্যাপী এ কর্মসূচি পালিত হবে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানো হবে।

তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টি ও অন্ধত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে এবং হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করে।

বুধবার দুপুরে নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে আয়োজিত ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মাহমুদা আক্তার। এতে বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।