সৃষ্টির অতুল গীতাঞ্জলি
উৎপলকান্তি বড়ুয়া
লেখায়, রেখা
চিত্র আঁকা নাটক উপন্যাসে,
বঙ্গবাসীর বুক জুড়ে তো আছো অনায়াসে।
নিত্য আছো
গল্প নাটক পদ্য ছড়া গানে,
কোনখানে নেই বলো তুমি আছো সকলখানে।
তোমার কথার
সুর ও গানে আশার আলো ফোটে,
ছড়িয়ে প্রভা কোপাই তীরে সূর্য আজো ওঠে।
প্রাণ জুড়ে
বুক জুড়ে জাগে খুশির জোয়ার ভাটা,
একলা চলোর দু হাত ধরে আলোর পথে হাঁটা।
ছোট্ট নদীর
সকল বাঁকে ঢেউ দিয়ে যায় দোলা,
সৃষ্টির অতুল গীতাঞ্জলির প্রাণ খোলা মন খোলা।
বাইশ শ্রাবণ
শেলীনা আকতার খানম
বাইশে শ্রাবণ ভেজা তো মন
মেঘের অশ্রুধারা,
সবখানে গান সুরের ধ্বনি
বৃষ্টি পাগলপারা।
গাঁয়ের মেঠো আলপথ হয়
মেঘ-বৃষ্টির সাথী,
জোৎস্না রাতে আলোর পাখি
ঝিঁঝিঁর মাতামাতি।
সবুজ বনের শাখায় শাখায়
পালক ভেজা পাখি,
রবির গানে ছবির গানে
জলের মাখামাখি।
এই বাংলার ওই বাংলার
কন্ঠে সুরেল গান
শোধ হবে না জনম জনম
রবির কীর্তি-দান।
রবিঠাকুর
সনজিত দে
রবিঠাকুর নাম শুনেছো ?
দেখেছো তাঁর ছবি ?
গীতাঞ্জলি লিখে হলেন
গুরু বিশ্বকবি ।
বাঙালিকে বিশ্বব্যাপী
চিনিয়েছেন তিনি
আমরা পেলাম সোনার বাংলা
তাঁর কাছে দেশ ঋণী ।
ভোর
দীপক বড়ুয়া
পাখিরা ডাকে না, চাঁদও ডোবে না, হয় না শখের ভোর
বাগানে আঁধার, চুপ ফুলকলি, খোলে না কেউতো দোর
ওই তো আকাশে টুকরো মেঘের ডাক
গুড়গুড় গুড়ু গুড়ুম গুড়ুম দিচ্ছে ভয়ের হাঁক
মেঘ ভেঙে সেই টুবটুব টুব বৃষ্টির ফোটা পড়ে
সেই কি আবেগে জুঁই বেলি কলি বৃষ্টির ফোঁটা ধরে
পাখির ছানারা ঘুমঘুম চোখে দেখে
বৃষ্টির ফোঁটাও ইশ্ রূপো রঙ মেখে
টুবটুব টুব পড়ে
পাখির ছানারা ঘুম ভেঙে নড়চড়ে
মন খোলে ডাকে মায়ের বুকটা ছেড়ে
জুঁই বেলি কলি ফুল যেই ফোটে মৌমাছি আসে তেড়ে
সূর্যটা ওঠে পুব আকাশে ফেরে স্বর্ণালি ভোর
হাসিখুশি মনে সব্বাই খোলে বন্ধ ঘরের দোর!
মেঘকিশোরী
নাজীর হুসাইন খান
মেঘকিশোরী মান করেছে, মুখ করেছে কালো,
সূর্য ঘুমের সুযোগ পেল, লুকিয়ে তার আলো-
মেঘকিশোরী মুখ করেছে কালো।
মেঘকিশোরীর নরম আঁচল পেয়ে,
সূর্য ঘুমায় দোলনাতে দোল খেয়ে।
মেঘকিশোরী মান করেছে, করবে শুরু কান্না,
কান্নাতে তার পড়বে ঝরে চুনি, হীরা-পান্না-
মেঘকিশোরী জুড়েই দিল কান্না।
কান্নাটা তার অশ্রু-ঝরা বৃষ্টি,
মেঘকিশোরীর কান্নাটা খুব মিষ্টি।
মেঘকিশোরী মান করেছে, চলেই যাবে শেষে,
মেঘকিশোরীর মান ভাঙালো রঙধনুটা এসে-
মেঘকিশোরী হেসেই দিল শেষে।
রঙধনুটা কী সুন্দর, বাঁকা!
আহ্, কী দারুণ! কত্তো রঙে আঁকা।





















































