শৈল-সৈকত ও দেশগ্রাম

মওলা আলী (রা.) বৃত্তির পুরস্কার বিতরণী সম্পন্ন

সুপ্রভাত ডেস্ক >>

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি এলাকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে হিলফুল ফুযুল শান্তি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত ‘মওলা আলী (রা.) ব্রিলিয়ান্ট টাচ্ বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

---------

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে আয়োজক কমিটির ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

হিলফুল ফুযুল শান্তি সংঘের সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম খাতুনগঞ্জ সালমা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ডিএমডি মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের ডেপুটি চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) তারেক মুহাম্মদ ইমরান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ কামাল, মাস্টার আনোয়ার হোসেন, ইয়াছিন আরাফাত, নসরুল্লাহ খাঁন রাশেদ, ফারুক ফয়সালসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শামসুল আলম বলেন, “আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধার সঠিক মূল্যায়ন এবং সঠিক দিকনির্দেশনা দিতে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও যেন এ ধরনের মননশীল কর্মকাণ্ড অব্যাহত থাকে, এটিই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে সমাজে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।