সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পৃথক সময়ে অভিযান চালিয়ে একই পরিবারের ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— হারেজা বেগম, আব্দুর রহিম, খালেদা বেগম, নুর বেগম, লিজা আক্তার এবং আরও একজন নারী সদস্য।
পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পলাতক আসামি হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৫টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় এবং ইয়াবা উদ্ধার করা হয়। এরপর রাত ১০টা ৫ মিনিটে একই এলাকার আরেকটি বাসায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫টি হট বক্স, পরিবহন রিসিট এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















































