শৈল-সৈকত ও দেশগ্রাম

পটিয়ায় তোহা হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

তোহা হত্যার ঘটনায় মানববন্ধনের একাংশ।

নিজস্ব প্রতিনিধি, পটিয়া »

চট্টগ্রামের পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

রোববার (২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া আদালত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আইন পেশার সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল ও উদীয়মান সংগঠন নেতাকে এভাবে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসনকে দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনায় জড়িত চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর, মো. আইযুব, বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী এবং মো. হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।