নিজস্ব প্রতিনিধি (চন্দনাইশ) »
সম্প্রতি বন্যার কারণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢল ও প্রবল পানির স্রোতে উপজেলার বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ ও সংযোগ সড়কের একাধিক অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি নেমে যাওয়ার পর ভাঙনের চিহ্ন »দৃশ্যমান হয়ে উঠেছে। কোথাও সড়কের কার্পেটিং উঠে গেছে, আবার কোথাও সড়কের নিচের মাটি সরে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসব ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক এলাকায় অটোরিকশা, সিএনজিচালিত যানবাহন ও মোটরসাইকেল চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু না হলে জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ সুপ্রভাত বাংলাদেশ-কে জানান, সম্প্রতি সৃষ্ট বন্যার কারণে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ সড়কে সংস্কারকাজ শুরু হয়েছে। বাকি কাজের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হবে বলে তিনি জানান।



















































