আনোয়ারা প্রতিনিধি >>
একটা দীর্ঘ কর্মজীবনের শেষ দিন। সহকর্মীদের ব্যস্ততার মাঝেই হঠাৎ থেমে গেল চেনা থানার আঙিনা। ফুলে ফুলে সাজানো হলো গাড়ি। চোখে-মুখে ছিল বিদায়ের আবেগ। আর সেই গাড়িতে চড়ে শেষবারের মতো কর্মস্থল ছাড়লেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল মোহাম্মদ শের আলী।
দীর্ঘ ৪১ বছর ৮ মাসের চাকরিজীবন শেষে শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানায় সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নেন তিনি।
১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া শের আলীর কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে। রাঙামাটি, খাগড়াছড়ি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), কক্সবাজার ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি। চাকরিজীবনের শেষ এক বছর কাটিয়েছেন আনোয়ারা থানায়।
বিদায়ী মুহূর্তে সহকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং ফুলে সাজানো গাড়িতে করে কর্মস্থল থেকে বিদায় দেন। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। যেন একটি চাকরির সমাপ্তি নয়, শেষ হলো দীর্ঘদিনের এক কর্মজীবী পরিবারের সঙ্গে পথচলা।
বিদায়ের অনুভূতি জানাতে গিয়ে মোহাম্মদ শের আলী বলেন, দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সহকর্মীকে হারিয়েছেন। তবে সুস্থ শরীরে সবার কাছ থেকে বিদায় নিতে পারায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতার কথা সারাজীবন মনে থাকবে বলেও জানান তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শের আলী দীর্ঘ ৪১ বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ প্রতিষ্ঠান থেকে তাকে সুন্দর ও স্মরণীয় করে রাখতে বিদায় বেলায় এ আয়োজন করা হয়েছে। তার ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ-শান্তি এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তিনি।




















































