সুপ্রভাত ডেস্ক >>
এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথেই থেমে গেল চট্টগ্রামের শিক্ষার্থী নাফিসা নাওয়ালের (১৮) জীবনের পথচলা। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশ দিয়ে সড়ক পার হচ্ছিলেন নাফিসা। এ সময় একটি ক্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর মারিয়া নামে এক ইন্টার্ন চিকিৎসক তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। নাফিসার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ক্রেনটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




















































