মহানগর

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক >>

মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রতিরোধ।

---------

তিনি আরও বলেন “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা। মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম পুলিশ লাইন সিভিক সেন্টারে “মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার” প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রশাসন, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, আইনজীবী, শিক্ষক-শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত, পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সর্বজনীন মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম স্বাগত বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক কোনো ব্যক্তি বা পরিবারের একক সমস্যা নয়; এটি সমাজ, আইনশৃঙ্খলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

সমাবেশে বিশেষ অতিথিরা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ জোরদার, মাদকের চাহিদা কমানো, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে সমন্বিত কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান আলোচক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের চাহিদা সৃষ্টির কারণগুলোও মোকাবিলা করতে হবে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরবর্তীতে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‍্যালিতে পুলিশ কর্মকর্তা, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার আহ্বান জানানো হয়।