দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর শিক্ষার্থীরা। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এই উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা সরাসরি মাঠপর্যায়ে অংশগ্রহণ করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “একজন শিক্ষার্থীর প্রকৃত শিক্ষা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়; সমাজের সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই মানবিক মূল্যবোধের প্রকৃত প্রকাশ ঘটে। ইউসিটিসির শিক্ষার্থীদের এই উদ্যোগ আমাদের গর্বিত করেছে এবং এটি অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং বন্যার্তদের সহায়তায় ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি বলেন, “দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব ইউসিটিসির শিক্ষার্থীরা যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
এই মানবিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন। ইউসিটিসি পরিবার বিশ্বাস করে, সম্মিলিত উদ্যোগ, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই দুর্যোগকবলিত মানুষের পাশে কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব।





















































