এ মুহূর্তের সংবাদ

ডাবল ডেকার বাস চালুসহ ৬দফা দাবি চাকসুর

চবি প্রতিনিধি»

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে অন্তত ১০টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালুসহ ৬ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

রোববার (১০ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা।

লিখিত বক্তব্যে মো. ইসহাক ভূঁঞা বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা যাতায়াত ব্যবস্থা। এ সংকট নিরসনে চাকসু নির্বাচনের পর থেকেই প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি বলেন, “চাকসুর দাবির মুখে শহর থেকে শিক্ষার্থীদের জন্য ফিরতি ৯টি বাস বরাদ্দের আশ্বাস দেওয়া হলেও প্রশাসনিক জটিলতায় এখন পর্যন্ত মাত্র ৩টি বাস চালু হয়েছে। আরও ৪টি বাস চালুর বিষয়ে নীতিমালা প্রণয়ন ও ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হলেও তা এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।”

এছাড়া চাকসুর উদ্যোগে ৬টি নতুন ই-কার চালু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরও ই-কার বাড়ানোর দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।”

শাটল ট্রেন সেবা সংস্কারে চাকসুর পক্ষ থেকে ১৩ দফা দাবি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছে বলেও উল্লেখ করেন ইসহাক ভূঁঞা।

তিনি বলেন, “এরই মধ্যে একটি ট্রেনে পাওয়ার কার সংযোজন, লাইট-ফ্যান মেরামতসহ কিছু সংস্কার কাজ হয়েছে। সম্প্রতি “শাটল সংস্কার আন্দোলন-২০২৬” এর দাবির প্রেক্ষিতে রেলওয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসুর সমন্বয় সভায় ঈদুল আজহার পর একটি ট্রেনের সব বগি পরিবর্তন করে নতুন ১০টি বগি সংযোজন, স্টেশনগুলোতে সিসিটিভি স্থাপন, নিরাপত্তা জোরদার ও শাটলকে প্রায়োরিটি দেওয়ার মতো সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, “নতুন ট্রেন সংযোজন দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হওয়ায় বিকল্প হিসেবে বাস সার্ভিস সম্প্রসারণ এখন সময়ের দাবি। এ লক্ষ্যে বিআরটিসির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড বাস সার্ভিস চালুর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।”

লিখিত বক্তব্যে টেকনিক্যাল হল্ট বন্ধ ও অক্সিজেন স্টপেজ চালুর দাবিও পুনর্ব্যক্ত করেন চাকসুর এ সম্পাদক। একইসঙ্গে শাটল ট্র্যাকার অ্যাপ চালু, রিকশা-সিএনজি নিয়ন্ত্রণে নতুন নিবন্ধন ব্যবস্থা এবং ইন-ক্যাম্পাস যাতায়াত সহজ করতে জোবাইক ও ইলেকট্রিক স্কুটার সার্ভিস চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

যাতায়াত সংকট নিরসনে চাকসুর পক্ষ থেকে ৬ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- অন্তত ১০টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালু, আরও ১০টি নতুন ই-কার সংযোজন, শাটল ট্র্যাকার অ্যাপের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, চলতি সপ্তাহের মধ্যেই ফিরতি বাস চালু, টেকনিক্যাল হল্ট বন্ধ করে অক্সিজেন স্টপেজ চালু এবং শাটলের সব শিডিউলে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ নিশ্চিত করা।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চাকসুর সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, সালমান ফারসি সাকিবসহ হল সংসদের প্রতিনিধিরা।