সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাজমুন নাহারের পিএইচডি ডিগি অর্জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষক ও সরাই পাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুন নাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।

গত ২৯ই এপ্রিল ২০২৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫০তম একাডেমিক কাউন্সিলের সভায় এবং গত ১১ জুন ২০২৬ সালে বিশ্ববিদ্যালয়ের ৫৬৭তম সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।

-advertise-

তাঁর গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘বাংলাদেশের সিটি কর্পোরেশনে সরকারি সেবা প্রদানে সংরক্ষিত কাউন্সিলরদের ভূমিকা’। গবেষণায় বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে সংরক্ষিত নারী কাউন্সিলরদের ভূমিকা, সরকারি সেবা প্রদান, প্রতিনিধিত্ব এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাঁদের কার্যকারিতা বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের খ্যাতনামা অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। যুগ্ম গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। তার এম.ফিল ওপিএইচডি গবেষণার প্রথম বর্ষ পর্যন্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

ড. নাজমুন নাহার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর গ্রামের বড় মিয়াজি বাড়ির সন্তান কাজী মো. আবদুল্লাহ-আল-কাদেরীর স্ত্রী এবং চান্দগাঁও এনএমসি স্কুলের প্রাক্তন শিক্ষক মরহুম মওলানা আহমদ হোসাইনের কন্যা। তিনি বর্তমানে সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

তিনি ভবিষ্যতে স্থানীয় সরকার, সুশাসন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং জনসেবা প্রদান বিষয়ে আরো গবেষণা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি তাঁর এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং শিক্ষক, গবেষণা তত্ত্বাবধায়ক, সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সকলের জন্য দোয়া ও শুভকামনা কামনা করেছেন।