এ মুহূর্তের সংবাদ

ভীনদেশী সংস্কৃতিচর্চা রুখতে হবে

; ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ব্যারিস্টার মীর হেলাল

সুপ্রভাত ডেস্ক »

নিকট অতীতে বাংলাদেশী সংস্কৃতিকে দূরে ঠেলে টেলিভিশন চ্যানেলগুলোতে ভীনদেশী সংস্কৃতির চর্চা বেশি হয়েছিল, যা অত্যন্ত দু:খজনক এবং বর্জন করা উচিত ছিল। ভবিষ্যতে দেশের টেলিভিশন চ্যানেলগুলো দেশের সংস্কৃতি ও মানুষের আকাঙ্খার প্রতি নজর রেখে সংবাদ এবং অনুষ্ঠান বৃদ্ধি করার প্রত্যাশার কথা জানিয়েছেন পাবর্ত্য চট্টগ্রাম এবং ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।

তিনি আজ সন্ধ্যায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন জনগনের কল্যান ও প্রত্যাশার দিকে গনমাধ্যমকে নজর দিতে হবে।

শনিবার বিকেল ৪টায় নগরীর লালখান বাজারে স্যাটেলাইন চ্যানেলটির কার্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

-advertise-

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম -৯ আসনের সাংসদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার, শিপিং এজেন্ট এসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন, আবুল খায়ের গ্রুপের জিএম (কর্পোরেট) আরিফুল ইসলাম শিপলু, ফুলকলি গ্রুপের মহাব্যবস্থাপক এম এ সবুর, চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলু , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মঈনুল হাসান।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টেলি প্রজন্মের গনমাধ্যমের মূল উদ্দেশ্য মানুষের কাছে সঠিক তথ্য প্রচার করা। আমরা চাই গনমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে। পাশাপাশি চট্টগ্রামের মতো আঞ্চলিক খবরকে বেশি গুরুত্ব দিবে।

চট্টগ্রাম -৯ আসনের সাংসদ আবু সুফিয়ান বলেন, জনগনের ভোটে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে যে গনতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, সেই পথে ইলেকট্রনিক গনমাধ্যমগুলো দেশের উন্নয়নে কাজ করবে বলে আমরা আশা করি। পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণে উদ্যোগী হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরাধ নির্মূলে বড় সহায়ক। বর্তমানে গনমাধ্যম সেই ভূমিকা পালনে আরও উদ্যোগী হবে বলে প্রত্যাশা করেন তিনি।

পরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে স্যাটেলাইন টেলিভিশনটি ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।