
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি: ফটিকছড়ির খিরাম ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গোল কাঠ ও ১ হাজার ৮০০টি বাঁশ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে লক্ষীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের একটি টহল দল ক্যাম্প থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে ২১ নম্বর খিরাম ইউনিয়নের বরইতলী এলাকায় ঝিরিপথে অভিযান পরিচালনা করে এসব কাঠ ও বাঁশ জব্দ করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে রাখা ৬৯০ পিস বিভিন্ন প্রজাতির গোল কাঠ এবং ১ হাজার ৮০০টি বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত গোল কাঠের পরিমাণ ৭৯৯.৯১ ঘনফুট, যার সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়া জব্দকৃত ১ হাজার ৮০০টি বাঁশের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা। পরে জব্দকৃত গোল কাঠ ও বাঁশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের খিরাম বিটের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের খিরাম বিট কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।













































