Uncategorized

নগরে গ্রিল কেটে চুরি

নিজস্ব প্রতিবেদক :
নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন জেলা পরিষদ আবাসিক এলাকায় শনিবার ভোরে চুরির ঘটনা ঘটেছে। ওই আবাসিকের চৌধুরী ভিলায় এক ওমান প্রবাসীর বাসার জানালার গ্রিল কেটে সংঘবদ্ধ চোর চক্র নগদ টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপ নিয়ে গেছে।
চৌধুরী ভিলার তৃতীয় তলায় থাকেন ওমান প্রবাসী হাটহাজারী উপজেলার চারিয়া বুড়িপুকুর পাড় এলাকার বাসিন্দা মো. আলমগীরের পরিবার।
আলমগীরের শ্যালক শেখ সোহেল পুলিশকে জানান, শুক্রবার দিবাগত রাতে সেহেরি (৬ রোজা) খেয়ে ঘুমায় তার বোন ও ভাগ্নিরা। ভোরে উঠে তারা দেখে জানালার গ্রিল কাটা। ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো। আলমিরায় রাখা ১৫/১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২০/২৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ নেই। এসময় ঘরে একটি স্প্রের কৌটাও পাওয়া গেছে। স্প্রে ছিটিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা সোহেলের।
এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি। ভুক্তভোগী পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।