এ মুহূর্তের সংবাদ

দুই সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে সিইউজের গভীর শোক ও সমবেদনা

শিশির বড়ুয়া ও প্রভাত বড়ুয়া

সুপ্রভাত ডেস্ক »

চিত্র সাংবাদিকতায় আর্কাইভ খ্যাত সিনিয়র সাংবাদিক শিশির বড়ুয়া ও দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়ার মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার ( ৪ জুন ) দিনগত রাত ১২টা ১০ মিনিটে শিশির বড়ুয়া এবং শুক্রবার ( ৫ জুন ) ভোর ৫টা ৩০ মিনিটে প্রভাত বড়ুয়া ইহলোক ত্যাগ করেন। দুইজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে )।

এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, চিত্র সাংবাদিকতায় বিশেষ করে ১৯৯১ সালে চট্টগ্রামে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ে হতাহত ও ধ্বংসলীলার ছবি ধারণ করে শিশির বড়ুয়া চিত্র সাংবাদিকতায় অনন্য মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছিলেন।

সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে সিইউজের সাথে থেকে আওয়াজ বুলন্দ করেছেন তিনি। প্রখ্যাত চিত্র সাংবাদিক শিশির বড়ুয়া দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। একইভাবে দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া দীর্ঘদিন ধরে সংবাদপত্র জগতে সুনামের সাথে বিচরণ করেছেন। সাংবাদিকদের অধিকার আদায় আন্দোলনে সামনের সারির সহযোদ্ধা তিনি।

নেতৃবৃন্দ জানান, উল্লিখিত দুই সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। দুইজনের মৃত্যুতে সিইউজে দুইজন পরীক্ষিত সহযোদ্ধাকে হারালো। দুই সিনিয়র সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান নেতৃবৃন্দ।